জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ডিসেম্বরে, প্রস্তুতি নিচ্ছে প্রশাসন

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম
জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ডিসেম্বরে, প্রস্তুতি নিচ্ছে প্রশাসন
রেদওয়ান আহাম্মেদ সাগর, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘আজকের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। কমিটি প্রাথমিকভাবে এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও আনুষঙ্গিক বিষয়াদি দেখভালের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিভাগ ভিত্তিক কেন্দ্র সংখ্যা বৃদ্ধি এবং ইউনিট ভিত্তিক পরীক্ষার ধরনে কোনো পরিবর্তন আসবে কিনা, তা এখনো নির্ধারিত হয়নি। পরবর্তী সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’
জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আসতে পারে। ইতোমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষার সময় এগিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।