আনসার-ভিডিপিকে আইনশৃঙ্খলা ও দেশ গঠনে আরও সক্রিয় হওয়ার আহ্বান

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
আনসার-ভিডিপিকে আইনশৃঙ্খলা ও দেশ গঠনে আরও সক্রিয় হওয়ার আহ্বান

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।


সাক্ষাৎকালে গণ-অভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা নিশ্চিত করা, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।


রাষ্ট্রপতি বলেন, বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যদের আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে হবে।


আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এর মধ্যে দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদন কর্মসূচির কথা তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিনি।


রাষ্ট্রপতি আনসার ও ভিডিপিকে দেশের বৃহত্তম জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী হিসেবে উল্লেখ করেন। এ সময় আনসার বাহিনীর সংস্কার ও আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন তিনি। পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জনমুখী বিভিন্ন কার্যক্রমে আনসার ও ভিডিপির অবদানের প্রশংসা করে ভবিষ্যতে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান রাষ্ট্রপতি।


তিনি দায়িত্ব পালনকালে বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪