রাজশাহীতে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষা মেলা, অংশ নিলেন প্রায় ১,১৬২ শিক্ষার্থী
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি তথ্য দিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে এডুকেশনইউএসএ আয়োজিত যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলা-২০২৬। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকান কর্নারে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় যুক্তরাষ্ট্রের ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সরাসরি অংশ নেন। রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১৬২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। আয়োজনে মোট ১৫টি প্রতিষ্ঠান অংশ নেয়।
মেলায় অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার প্রোগ্রাম, বৃত্তির সুযোগ, একাডেমিক সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং সেখানে পড়াশোনার সম্ভাবনা সম্পর্কে সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের কাছ থেকে তথ্য নেওয়ার সুযোগ পান।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আমেরিকান কর্নারে মেলার উদ্বোধন করা হয়। এতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রতিনিধিরা অংশ নেন।
মেলা উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এডুকেশন ইউএসএ নিয়ে একটি বিশেষ সেশনও অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি, সম্ভাব্য সুযোগ এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করতে পেরে বিশ্ববিদ্যালয় আনন্দিত। এ আয়োজন রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি ও সঠিক তথ্য পাওয়ার সুযোগ তৈরি করেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বৃত্তি ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার পরিকল্পনা আরও সচেতনভাবে করতে পারবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার সুযোগের সঙ্গে যুক্ত করতে এ ধরনের উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে।
এডুকেশন ইউএসএ-এর প্রতিনিধি লুইস কার্দেনাস বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে। শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিতে এডুকেশনইউএসএ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বৃত্তি ও অন্যান্য সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এডুকেশনইউএসএ পরামর্শ কেন্দ্র রয়েছে, যেখানে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন।
আয়োজকদের মতে, এডুকেশনইউএসএ-এর উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে বাস্তব ও প্রয়োজনীয় তথ্য জানার সুযোগ তৈরি হয়েছে।
এমকে/বিএম২৪








