হরিয়ানে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো প্রতিনিধি
রাজশাহীর হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেসটি হরিয়ান স্টেশন থেকে ছেড়ে প্রায় ২০০ গজ যাওয়ার পর ‘ট’ বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে ওই বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি বলেন, লাইনচ্যুতির ঘটনাটি মেইন লাইনে হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগিটি সরানোর কাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম বলেন, উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত সময় লাগতে পারে।
এদিকে, একই দিন সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইন ভেঙে যাওয়ার ঘটনাতেও রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। ওই ঘটনার পর আবারও ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর রেল যোগাযোগে একের পর এক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
একই দিনে রেললাইনে ত্রুটি ও ট্রেন লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
এমকে/বিএম২৪









