প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে উপযুক্ত সময়ে: হুমায়ুন কবির
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ভারতে আওয়ামী লীগের একটি কর্মসূচি পুলিশ বন্ধ করে দেওয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এ ধরনের অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভারতে আওয়ামী লীগের কর্মীদের একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যেমন ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীও যেন দিল্লি বা ভারতের অন্য কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়—এটাই বাংলাদেশের প্রত্যাশা।
তিনি বলেন, ভারতে ওই কর্মসূচি বন্ধ করে দেওয়ার ঘটনাটি ইতিবাচক। এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে পারস্পরিক সদিচ্ছা তৈরির পথ আরও সহজ হবে। এটিকে ভারত সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখনো সফরের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।
তিনি আরও বলেন, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং দুই দেশের প্রধানমন্ত্রীর সময় ও উপস্থিতির সঙ্গে সমন্বয় করে সফরের তারিখ নির্ধারণ করা হবে। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
এমকে/বিএম২৪









