রাজশাহীতে জুয়া খেলার সময় পুলিশ সদস্যসহ ১২ জন আটক, ২ লাখ ২১ হাজার টাকা জব্দ
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় জুয়া খেলার সময় এক পুলিশ সদস্যসহ ১২ জনকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ২ লাখ ২১ হাজার ৬৫০ টাকা, ১২ সেট তাস ও চারটি টালি খাতা জব্দ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টা দিকে উপশহর উত্তরা ক্লিনিকের মোড় সংলগ্ন একটি টিনশেড ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারি বিষয়টি নিশ্চিত করেন।
আটক পুলিশ সদস্যের নাম মো. ওয়াহিদ মুরাদ (৪৭)। তিনি পুলিশ কনস্টেবল এবং তাঁর কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ বলে পুলিশ জানিয়েছে। তিনি রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকার বাসিন্দা।
অন্য আটক ব্যক্তিরা হলেন—আলমগীর কবির (৩৫), খাইরুল হাসান (৪৮), ফিরোজ উদ্দিন (৬৫), তোফায়েল আহমেদ, মো. হান্নান (৬০), তানজিদ (৩৬), মনজুরুল ইসলাম (৬১), শফিকুল ইসলাম (৫০), শাহাবক্স, মাসুদ রানা ও সাইফুল ইসলাম (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশ উপশহর উত্তরা ক্লিনিকের মোড় সংলগ্ন ওই টিনশেড ভবনে অভিযান চালায়। সেখানে জুয়া খেলারত অবস্থায় ১২ জনকে আটক করা হয়।
অভিযানে তাঁদের কাছ থেকে ১২ সেট তাস, জুয়ার কাজে ব্যবহৃত নগদ ২ লাখ ২১ হাজার ৬৫০ টাকা এবং তাস খেলার কাজে ব্যবহৃত চারটি টালি খাতা জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া বিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০২, তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নজরদারি অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪









