সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের মুন স্টার ক্লাবের সামনে আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীরা পৃথক কর্মসূচি নিয়ে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মীর হাতে লাঠি দেখা যায়।


তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচির স্থান নির্ধারণকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। কাজী সালাউদ্দিনের অনুসারীরা গত ২৭ আগস্ট প্রশাসনের কাছে মুন স্টার ক্লাবের সামনে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে আবেদন করেন। পরে একই স্থানে কর্মসূচির প্রস্তুতি নেন আসলাম চৌধুরীর অনুসারীরাও।


কাজী সালাউদ্দিন বলেন, নিয়ম মেনেই তারা আগে আবেদন করে কর্মসূচির স্থান নির্ধারণ করেছেন। কেউ জোর করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এর দায়ভার তাদেরই নিতে হবে।


অন্যদিকে আসলাম চৌধুরীর অনুসারী মোহাম্মদ মোরছালিন বলেন, সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর বাইরে বিকল্প কোনো নেতৃত্বের সুযোগ নেই। মুন স্টার ক্লাবের অনুষ্ঠানে আসলাম চৌধুরীই প্রধান অতিথি থাকবেন।


সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করা হচ্ছে।



এমকে/বিএম২৪