জুলাই অভ্যুত্থানবিরোধী অভিযোগে ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
জুলাই অভ্যুত্থানবিরোধী অভিযোগে ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত

সূত্রঃ সংগৃহীত

ঢাবি প্রতিনিধি


জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের এক সহযোগী অধ্যাপককেও সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিষয়টি নিশ্চিত করেছেন।


জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন—শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান চাঁন, অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।


অন্যদিকে, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করেই শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান (সায়েম রানা) সাময়িক বরখাস্ত হয়েছেন। অভিযোগটি আরও তদন্ত করতে তাঁর বিরুদ্ধে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



এমকে/বিএম২৪