রামপালে ৩২১ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০১:০১ এএম
রামপালে ৩২১ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সূত্রঃ ছবি: বিডিমেইল

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটের রামপালে ৩২১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উদ্যোগে রোববার দুপুরে রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রকল্প প্রধান অভিষেক কুমার। তিনি বলেন, এলাকার মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্রের সহযোগিতা অব্যাহত থাকবে।


এ সময় কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক জি এম তরিকুল ইসলাম এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা গেলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ।


শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষক ও অভিভাবকেরাও বিদ্যুৎ কেন্দ্রের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।


আয়োজকরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।