রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে ‘কিছুই জানি না’ বললেন মির্জা ফখরুল
সূত্রঃ ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি। মির্জা ফখরুল নিজেও জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে তিনি কিছুই জানেন না।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।’
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছে, দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে তার নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এ ছাড়া বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামও বিএনপির মধ্যে আলোচনায় রয়েছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে। ফলে শেষ পর্যন্ত কে বিএনপির প্রার্থী হচ্ছেন, সেই সিদ্ধান্ত তারেক রহমানই নেবেন।
অন্যদিকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।








