ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা, বাগেরহাটে নারী আটক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১২:৫৩ এএম
ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা, বাগেরহাটে নারী আটক

সূত্রঃ ছবি: বিডিমেইল

বাগেরহাট প্রতিনিধি


বাগেরহাটে ১০ হাজার পিস ইয়াবাসহ নুরজাহান বেগম (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


রোববার বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বরকত ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নুরজাহান বেগম পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় নুরজাহানের হাতে থাকা ভ্যানিটি ব্যাগে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা।


বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মিজানুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় এক কেজি। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।


এ ঘটনায় নুরজাহান বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।