প্রেমিকের সঙ্গেই ৫ সন্তানের মায়ের বিয়ে দিলেন স্বামী

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম
প্রেমিকের সঙ্গেই ৫ সন্তানের মায়ের বিয়ে দিলেন স্বামী

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক



ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবীরনগর জেলায় ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ২১ বছর সংসার করার পর নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী। শুধু বিয়ের ব্যবস্থা করেই থেমে থাকেননি, নিজেও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। বিয়ের পর স্ত্রীকে নতুন স্বামীর সঙ্গে বিদায়ও জানান তিনি।


স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, দেবরি গ্রামের ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদের সঙ্গে ৩৭ বছর বয়সী ফুলমতীর বিয়ে হয় প্রায় ২১ বছর আগে। তাদের দাম্পত্য জীবনে রয়েছে পাঁচ সন্তান। বড় ছেলের বয়স ১৮ বছর।


তবে কয়েক মাস আগে তাদের সংসারে টানাপোড়েন শুরু হয়। ফুলমতীর সঙ্গে ২৬ বছর বয়সী অবধেশ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতে থাকে এবং তাদের দূরত্ব বাড়তে থাকে।


প্রায় দুই মাস আগে ফুলমতী অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু এরপরও পরিস্থিতির উন্নতি হয়নি। ফুলমতী জানিয়ে দেন, তিনি আর বুদ্ধিরামের সঙ্গে সংসার করতে চান না; বরং অবধেশের সঙ্গেই থাকতে চান।


পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত স্ত্রীকে জোর করে নিজের সঙ্গে না রাখার সিদ্ধান্ত নেন বুদ্ধিরাম। তিনি ফুলমতীর ইচ্ছাকে মেনে নিয়ে অবধেশের সঙ্গে তাঁর বিয়ের ব্যবস্থা করেন।


পরে আশরফপুর গ্রামের একটি শিবমন্দিরে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে ফুলমতী ও অবধেশের বিয়ে হয়। বিয়েতে উপস্থিত ছিলেন বুদ্ধিরামও। আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীকে নতুন স্বামীর সঙ্গে বিদায় দেন তিনি।


সংবাদমাধ্যমকে বুদ্ধিরাম বলেন, বাড়িতে প্রতিদিন অশান্তি চান না তিনি। তাই ফুলমতী যার সঙ্গে থাকতে চেয়েছেন, তাঁর সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। ফলে এ বিষয়ে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।



এমকে/বিএম২৪