ফ্যাসিবাদের মাথা পালালেও অনেক কিছু রয়ে গেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
ফ্যাসিবাদের মাথা পালালেও অনেক কিছু রয়ে গেছে: প্রধানমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি



প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের মূল ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনো রয়ে গেছে। তাই দেশের চলমান সমস্যা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পরদিনই রমজান শুরু হয়েছিল। সে সময় একটি পক্ষ রোজার সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। তবে আল্লাহর রহমতে সরকার পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম হয়েছে। রমজান শেষ হওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংকট তৈরি হয়। এর প্রভাব তেল ও জ্বালানিসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। এসব বিষয় সামাল দিতে গিয়ে তাঁর চট্টগ্রামে আসতে কিছুটা দেরি হয়েছে বলেও জানান তিনি।


বিগত নির্বাচনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, সেই সময় সবাই একসঙ্গে কাজ করায় দেশকে বিপদের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল। তবে দেশের সমস্যা এখনো পুরোপুরি শেষ হয়নি।


তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের মানুষের অর্থ-সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। বর্তমানে একটি পক্ষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের কোনোভাবেই সে সুযোগ দেওয়া যাবে না।


প্রধানমন্ত্রী বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই অতীতের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে।



এমকে/বিএম২৪