প্রধানমন্ত্রীর সভা ঘিরে চট্টগ্রামে ডেলিগেট কার্ড নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম
প্রধানমন্ত্রীর সভা ঘিরে চট্টগ্রামে ডেলিগেট কার্ড নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ

সূত্রঃ সংগৃহীত

এম হেলাল উদ্দিন নিরব

বিশেষ প্রতিনিধি



চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত সাংগঠনিক সভাকে কেন্দ্র করে ডেলিগেট কার্ড বিতরণ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কার্ড প্রাপ্তির বিষয়টি নিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে সারাদিন ধরেই অসন্তোষ লক্ষ্য করা যায়। অনেকেই তাদের প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, এমন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বা নীতিনির্ধারণী সভায় কারা অংশগ্রহণ করবেন, সে বিষয়ে দলীয় ফোরামে যথাযথ আলোচনা ও যাচাই-বাছাই থাকা অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ের কর্মীদের বাদ দেওয়া কিংবা দীর্ঘদিন ধরে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করা হলে সংগঠনের ভেতরে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত দিয়েছেন অনেকে।

নেতাকর্মীদের একাংশের দাবি, কেবল লোকদেখানো বা সুবিধাভোগী নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

তারা আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা দলীয় দায়িত্বের অংশ। এ ধরনের নেতাকর্মীদের গুরুত্ব না দিলে সংগঠনের ভিত দুর্বল হয়ে যেতে পারে।

এ বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে নেতাকর্মীরা বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করতে হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী কক্সবাজার, বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি সফর শেষ করে পরবর্তীতে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত উক্ত সভায় যোগদান করবেন।

সবশেষে তারা উল্লেখ করেন, সবার আগে দেশ, তারপর দল ও সংগঠন—এই নীতিকে সামনে রেখেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।



এমকে/বিএম২৪