যশোরে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৩:০৬ এএম
যশোরে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সূত্রঃ সংগৃহীত

**মালিকুজ্জামান কাকা**


যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া ইসমাইল কলোনী এলাকায় দুটি পরিবারের জমি ও বসতভিটা দখলের চেষ্টা এবং একের পর এক হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, একটি প্রভাবশালী চক্র তাঁদের জমি দখলের উদ্দেশ্যে জাল কাগজপত্র তৈরি, নামজারি সংক্রান্ত অনিয়ম এবং মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করছে।


ভুক্তভোগীদের অভিযোগ, নয়নতারা ও খোদেজা নামের দুই নারীর বসতবাড়ি ও জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভিন্ন মামলা করা হয়েছে। তাঁদের দাবি, যশোর জেলা প্রশাসনের কাছ থেকে বরাদ্দ পাওয়া জমিও দখলের চেষ্টা চলছে। এতে দুটি পরিবার চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।


পরিবারগুলোর ভাষ্য, জমি দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব বিস্তার করে নিজেদের পক্ষে কাগজপত্র তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা দিয়ে মানসিক ও আর্থিকভাবে চাপে রাখা হচ্ছে।


ভুক্তভোগীদের আরও দাবি, এলাকাটিতে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তাঁরা প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করার দাবি জানান।


এদিকে অভিযোগে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।


এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



এমকে/বিএম২৪