দিল্লিতে হাসিনাকে কথা বলতে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও আত্মগোপনে থাকা শেখ হাসিনাকে নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলাপচারিতার সুযোগ দেওয়ায় বাংলাদেশ গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ সরকার দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর এ ঘটনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানিয়েছিল। এরপরও এ ধরনের প্রকাশ্য অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে ভারতের মাটিতে শেখ হাসিনার এই আলাপচারিতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি অপমানজনক। বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঘটনাবলি নিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্যকে অস্বীকার করার যে চেষ্টা করা হয়েছে, তা ইতিহাসের গতিপথ পরিবর্তনের একটি ব্যর্থ প্রচেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণ দৃঢ়প্রতিজ্ঞ যে, দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার অধ্যায়ে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনো কোনো ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত হবে না। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তাঁর রাজনৈতিক সংগঠনের বাংলাদেশের রাজনীতিতে কোনো স্থান হবে না বলেও উল্লেখ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এর পরিবর্তে তাঁকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্যও তা সহায়ক নয় বলে মন্তব্য করা হয়।
এমকে/বিডিমেইল২৪









