কালিয়াকৈরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকসহ আহত ২

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৩:৩১ এএম
কালিয়াকৈরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকসহ আহত ২

সূত্রঃ সংগৃহীত

**শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি**


গাজীপুরের কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন **চ্যানেল এস**–এর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা রফিউল ইসলামও আহত হয়েছেন।


রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে সাংবাদিক হাবিবুর রহমান অভিযুক্ত আনসার সদস্য শরিফা আক্তারের বাড়ির সামনে যান। এ সময় শরিফা আক্তার, তাঁর স্বামী হানিফ, বিলকিস বেগম ও মোহাম্মদ আলীসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।


হামলায় সাংবাদিক হাবিবুর রহমান ও তাঁর সঙ্গে থাকা রফিউল ইসলাম গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাঁদের মারধরের পাশাপাশি পেশাগত কাজে ব্যবহৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হামলায় সাংবাদিক হাবিবুর রহমানের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁর মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।