ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের আর কোনো কূটনৈতিক লাভ-লোকসানের বিষয় নেই। বরং ভারত সম্ভবত তাকে আর রাখতে আগ্রহী নয়।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান। আমার মনে হয়, এটি কোনো নির্ভরযোগ্য ঘোষণা নয়। প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি ভারত সরকারের যোগসাজশে হয়েছে এবং একই সঙ্গে সম্ভবত ভারত শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না।
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে এনসিপির এই মুখপাত্র বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, তিনি যেন ভারত থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন। বর্তমান সরকারও ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে একই অবস্থান তুলে ধরেছে।
তিনি আরও বলেন, এরপরও যদি তিনি ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, তাহলে বাংলাদেশে এমন ধারণা তৈরি হয় যে, ভারতের ইন্ধনে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হচ্ছে।
আসিফ মাহমুদ বলেন, এ ধরনের পরিস্থিতি দুই দেশের সম্পর্কের জন্যও ইতিবাচক নয় এবং এ বিষয়ে ভারতের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
এমকে/বিডিমেইল








