জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে সরকার থাকবে: ভূমিমন্ত্রী মিনু
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আন্দোলনে আহতদের পাশে সরকার সবসময় থাকবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে ধারণ করে সরকার আহতদের সুচিকিৎসা, শহীদ পরিবারের কল্যাণ ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শহীদ পরিবারগুলোর দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের সার্বিক কল্যাণ ও পুনর্বাসনেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিকে জুলাই আন্দোলনে নিহত শহীদ শাকিব আঞ্জুমের বাবা তাঁর সন্তানের হত্যার বিচার দাবি করেছেন। তিনি বলেন, যারা তাঁর সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এর আগে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।








