রেমো প্রেসিডেন্টের তোপে নেইমার, বললেন ‘নীচ প্রকৃতির’

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম
রেমো প্রেসিডেন্টের তোপে নেইমার, বললেন ‘নীচ প্রকৃতির’

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। মাঠের আচরণ নিয়ে এবার তার কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের ক্লাব রেমোর প্রেসিডেন্ট আন্তোনিও কার্লোস টেক্সেইরা। সান্তোসের বিপক্ষে ব্রাজিলিয়ান কাপের ম্যাচ শেষে নেইমারের আচরণকে ‘অসম্মানজনক’ উল্লেখ করে তাকে ‘নীচ প্রকৃতির’ বলে মন্তব্য করেন তিনি।


মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে বিরতির পর মাঠে নামেন নেইমার। পরে তারই তৈরি করা সুযোগ থেকে সতীর্থ রনি একমাত্র গোলটি করলে ১-০ ব্যবধানে জয় পেয়ে ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সান্তোস।


ম্যাচ শেষে লকার রুমে ফেরার পথে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেমোর কর্মকর্তা ও স্টাফদের সামনে দাঁড়িয়ে নেইমার চিৎকার করে বলেন, ‘এলিমিনেটেড, এলিমিনেটেড’। তার এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন রেমো সভাপতি।


ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্তোনিও কার্লোস টেক্সেইরা বলেন, রেমোর এবারের যাত্রা ছিল প্রশংসনীয়। কিন্তু নেইমারের মতো একজন ফুটবলার, যাকে অসংখ্য শিশু-কিশোর আদর্শ হিসেবে দেখে, তার এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি আরও অভিযোগ করেন, নেইমার ম্যাচ শেষে ফিরে এসে তাদের বিদ্রূপ করেছেন এবং এমন ব্যক্তিদের আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার দায় সমাজেরও রয়েছে।


এর আগে ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপের সময়ও রেমো সমর্থকদের দুয়োর মুখে পড়েন নেইমার। পরে সেই ঘটনার প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘বেলেম, ভালোবাসার জন্য তোমাদের ধন্যবাদ’, সঙ্গে হার্ট ও হাসির ইমোজি যোগ করেন।



এমকে/বিএম২৪