জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাঙ্গামাটিতে ১১ দলের সমাবেশ ও গণমিছিল
সূত্রঃ সংগৃহীত
**চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি**
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং জুলাই শহীদদের স্মরণে রাঙ্গামাটিতে ১১ দলের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় শহরের বনরূপা এলাকা থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে গিয়ে মিলিত হয়।
রাঙ্গামাটি জেলা জামায়াতের পৌর সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় এবং পৌর আমির অ্যাডভোকেট মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমির আব্দুল আলীম।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মাইন উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ কার্যকর করতে হবে। পাশাপাশি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করা সময়ের দাবি। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মনসুরুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি রবিউল ইসলাম, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এমকে/বিএম২৪








