‘আইন মেনে হাসিনাকে প্রত্যর্পণে আগ্রহী নয় ভারত’

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৩ পিএম
‘আইন মেনে হাসিনাকে প্রত্যর্পণে আগ্রহী নয় ভারত’

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চলতি মাসে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে নথিপত্র পাঠিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণও চেয়ে দিল্লিতে পৃথক চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়াল।


প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার বাংলাদেশের পাঠানো নথি গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত রয়েছে। ভারত মনে করে, শেখ হাসিনা তাদের কাছে কোনো পলাতক আসামি নন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিমান তাকে ভারতে পৌঁছে দেয় এবং তিনি সেখানে অতিথি হিসেবে অবস্থান করছেন। ফলে তিনি কতদিন ভারতে থাকবেন, সেই সিদ্ধান্ত তার ব্যক্তিগত বিষয় বলেই মনে করে ভারত।


অন্যদিকে, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। ২০২৫ সালের ১৭ নভেম্বর একই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতের কাছে ন্যায়বিচার চাইবেন। তবে আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি। আওয়ামী লীগের সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি গণমাধ্যমে কথা বলা থেকে বিরত রয়েছেন।


ভারতের সংশ্লিষ্ট মহলের বরাতে দ্য ওয়াল জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের আগে সংশ্লিষ্ট দেশের বিচারপ্রক্রিয়া, রায়ের ন্যায্যতা এবং মানবাধিকারসংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সে কারণে আইনগত প্রক্রিয়া অনুসরণ করলে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।


এমকে/বিডিমেইল