বেনাপোল সীমান্তে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার
সূত্রঃ সংগৃহীত
**আতিকুজ্জামান, শার্শা (যশোর) প্রতিনিধি**
যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১০ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ আগস্ট) সকালে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









