বেনাপোলে ভারতে পাচারের সময় দুই স্বর্ণবারসহ পাসপোর্টযাত্রী আটক
সূত্রঃ সংগৃহীত
**শার্শা (যশোর) প্রতিনিধি**
ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার অভিযোগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দুইটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস এলাকায় যাত্রীর দেহ তল্লাশি করে দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মোবারক হোসেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার তাজউদ্দীনের ছেলে।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহমুদ কৌশিক জানান, ভারতে যাওয়ার সময় ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা। পরে তাঁর শরীরে আরও স্বর্ণ লুকানো আছে কি না, তা নিশ্চিত হতে এক্স-রে পরীক্ষা করা হয়। তবে সেখানে আর কোনো স্বর্ণ পাওয়া যায়নি।
আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।
এদিকে সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেনাপোল চেকপোস্টে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে পর্যাপ্ত আধুনিক প্রযুক্তি ও স্ক্যানিং সুবিধার অভাবে অনেক চালান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ফলে কিছু চালান ভারতীয় সীমান্ত অতিক্রম করার পর দেশটির কাস্টমস কর্তৃপক্ষের হাতে ধরা পড়ছে। তবে এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









