প্রতিপক্ষকে হয়রানির অভিযোগে ৫০ মামলার অভিযোগ, ছয় কোটি টাকার জমি নিয়ে বিরোধ
সূত্রঃ সংগৃহীত
**মালিকুজ্জামান কাকা**
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় প্রায় ৩০ শতক ব্যক্তি মালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে একটি পক্ষ প্রতিপক্ষকে হয়রানি করতে ধারাবাহিকভাবে অন্তত ৫০টি মামলা করেছে। তাঁদের দাবি, এসব মামলার মাধ্যমে প্রকৃত জমির মালিকদের হয়রানি করে জমি আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। বিরোধপূর্ণ জমিটির বর্তমান বাজারমূল্য অন্তত ছয় কোটি টাকা বলে দাবি তাঁদের।
ভুক্তভোগীদের ভাষ্য, বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং প্রকৃত জমির মালিকদের হয়রানির উদ্দেশ্যে সম্প্রতি আরও ১০টি নতুন মামলা দায়ের করা হয়েছে। তাঁদের অভিযোগ, যশোরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত সইজ উদ্দিনের ছেলে আবুল বাসার, তাঁর পরিবারের সদস্য ও স্বজনরা মিলে এসব মামলা করেছেন। অভিযোগ অনুযায়ী, আবুল বাসার তিনটি, ইসলাম পাঁচটি, মুন্নি দুটি এবং লাল বাবু দুটি মামলা করেছেন।
এসব মামলায় আসামি করা হয়েছে একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুর রাজ্জাক, সাবেক বাটা ম্যানেজার মৃত নুর উদ্দিনের ছেলে সালাহদ্দীন টিঙ্কু, তাঁর মেয়ে রুপা, মো. হোসেন গুলিয়া, আব্দুর রব, আবিদসহ মোট নয়জনকে। ভুক্তভোগীদের দাবি, তাঁরা বৈধ দলিলমূলে জমির মালিক। তাঁদের অভিযোগ, চলতি ২০২৬ সালেই অন্তত ১০টি মামলা করা হয়েছে এবং অধিকাংশ মামলা করা হয়েছিল আগের সরকারের আমলে।
ভুক্তভোগীদের দাবি, নথিপত্র পর্যালোচনা করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাতটি নামজারি (নামপত্তন) বাতিল করেছেন। মামলাগুলোর নম্বর হলো— সিআর-১১৩৯/২৩, সিআর-১৪২৯/২২, সিআর-১৫১৪/২৩, সিআর-১১৯৯/২৩, সিআর-১০৫০/২৩, সিআর-১১২০/২৩ এবং সিআর-১৯৫৫/২৩। তাঁদের অভিযোগ, এসব জমি বর্তমানে আবুল বাসার, তাঁর স্ত্রী মুন্নি, রোজিনা, গুলশানারা, আব্দুস সালাম, লাল বাবু ও ইসলামের দখলে রয়েছে। যদিও সংশ্লিষ্ট পক্ষ এসব অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।
আব্দুর রাজ্জাক বলেন, "আবুল বাসারের পক্ষ বিভিন্ন অজুহাতে কয়েকটি দাগের জমি দখলে রেখেছে। সেই দখল ধরে রাখতেই একের পর এক মামলা করা হচ্ছে। পৌরসভার রাস্তা ও পানির কলও দখলে রাখা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।"
স্থানীয় ভুক্তভোগীদের দাবি, একই বিষয় নিয়ে একাধিক মামলা করে তাঁদের ওপর মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁদের অভিযোগ, মামলাগুলো ত্রুটিপূর্ণ কাগজপত্রের ভিত্তিতে দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীদের কয়েকজন বলেন, যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তাঁদের অভিযোগ, প্রভাবশালী একটি পক্ষ জাল কাগজপত্র ও একের পর এক মামলার মাধ্যমে অন্যের জমি দখলের চেষ্টা করছে। তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত আবুল বাসার বা তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
এমকে/বিএম২৪









