জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৩:২৮ এএম
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

সূত্রঃ সংগৃহীত

**বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি**


জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।


বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ফজিলাতুন্নেছা হলসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’-এ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা।


শ্রদ্ধাঞ্জলি শেষে শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক বলেন, “৫ আগস্ট শুধু রাজনৈতিক পরিবর্তনের দিন নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক। জুলাই আমাদের শিখিয়েছে, রাষ্ট্র যখন মানুষের মৌলিক অধিকার অস্বীকার করে, তখন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তিই ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে।”


তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনার প্রকৃত বাস্তবায়ন তখনই হবে, যখন দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়বিচার সবার জন্য সমানভাবে নিশ্চিত হবে এবং রাষ্ট্র জনগণের কাছে জবাবদিহিমূলক হবে।”


জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তির প্রসঙ্গে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পূর্ণ হলেও সে সময়ের অনেক প্রত্যাশা এখনো পূরণ হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা আওয়ামীপন্থি শিক্ষকদের বিচার নামমাত্র হয়েছে। পাশাপাশি দেশজুড়ে ভিন্নমত দমন এবং রাজনৈতিক ট্যাগিংয়ের প্রবণতাও উদ্বেগজনক।”


তিনি বলেন, “এসব সীমাবদ্ধতা সত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানকে আমরা বাংলাদেশের আপামর মানুষের গণসংগ্রাম হিসেবেই ধারণ করে যাব।”


এ সময় শাখা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাইশা মনি, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ, প্রচার সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪