পাবনায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পাবনা প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় পাবনা জেলা যুবদলের উদ্যোগে জেলা পাড়া বিশ্বাসের মাঠে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। তিনি বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করে জনগণের সরকার গঠনে যুবদল নিরলসভাবে কাজ করবে।”
সমাপনী বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ বলেন,
“এই ঐক্য ও উদ্দীপনাই প্রমাণ করে— যুবদলই আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী শক্তি।”
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা–৫ আসনের ধানের শীষের কান্ডারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস মুঠোফোনে নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি সতর্ক করে বলেন,
“দল ও নেতৃত্বের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ ওঠার সুযোগ কেউ না দেয়। সকলকে শৃঙ্খলাবদ্ধ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই জিয়া পরিবার ও বিএনপির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”
সকাল থেকেই জেলা পাড়া বিশ্বাসের মাঠে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়। ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি, দলের পতাকাবাহী প্ল্যাকার্ড ও ব্যানারে সজ্জিত নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মো. মাছুম বগা, সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান টুটুল বিশ্বাস, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুরাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লালু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোনয়ার হোসেন (মুন),যুবদল সদস্য মারুফ খাঁন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম তরুণ ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের কয়েক হাজার নেতাকর্মী।
উৎসবের পুরো মাঠ ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও সংগঠনের সঙ্গীতে মুখরিত।









