কুতুবদিয়ায় নতুন ২০ সিনিয়র স্টাফ নার্সের যোগদান
কুতুবদিয়া প্রতিনিধি :
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে নতুন ২০ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। এদের যোগদানের ফলে দীর্ঘদিনের জনবল সংকটে ভোগা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত স্বাস্থ্য খাতের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এসব নার্সকে এখানে পদায়ন করা হয়েছে। নতুন নার্সদের যোগদানের মধ্য দিয়ে বিশেষ করে মাতৃসেবা, জরুরি সেবা ও ইনডোর রোগী সেবায় গতি আসবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, “নতুন নার্সরা যোগ দেওয়ায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে। কুতুবদিয়ার মানুষ এখন আগের চেয়ে উন্নত চিকিৎসা পাবেন।”
স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত আরও চিকিৎসক ও বিশেষায়িত কর্মী নিয়োগের দাবি জানিয়েছেন।









