নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেন্টমার্টিন সৈকতে ছাত্রদল নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া
সংগৃহীত
আব্দুল্লাহ আল নোমান, রামু (কক্সবাজার) প্রতিনিধি
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পর্যটন ও পরিবেশগতভাবে সংবেদনশীল সেন্টমার্টিন দ্বীপের সৈকতে মোটরসাইকেল চালানোর অভিযোগ উঠেছে টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সৈকতের বালুচরে যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও সেই বিধিনিষেধ উপেক্ষা করে একাধিক মোটরসাইকেল নিয়ে চলাচল ও মহড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দ্বীপের পরিবেশ সুরক্ষা ও প্রশাসনের নজরদারি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ‘টেকনাফ উপজেলা ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে সৈকতের বালুচরে সাতটি মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়।
ভিডিওতে মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের মধ্যে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েমুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সৈকত, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদল নেতা মালেক হোসেন নোবেলসহ সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ভ্রমণের উদ্দেশ্যে সেন্টমার্টিন দ্বীপে যান। এ সময় তাঁরা সৈকতের বালুচর দিয়ে একাধিক মোটরসাইকেল চালান। পরে সেই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
প্রাকৃতিক সৌন্দর্য, প্রবালপ্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পরিচিত সেন্টমার্টিন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত সংবেদনশীল দ্বীপ। দ্বীপটির প্রতিবেশব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। বিশেষ করে সৈকতে যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ রাখার উদ্দেশ্য হলো পরিবেশদূষণ, শব্দদূষণ ও প্রাকৃতিক প্রতিবেশের ক্ষতি প্রতিরোধ করা।
এমন পরিস্থিতিতে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে মোটরসাইকেল চালানোর অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে। সাধারণ পর্যটকদের জন্য কার্যকর বিধিনিষেধ রাজনৈতিক পরিচয়ধারীদের ক্ষেত্রেও সমানভাবে প্রয়োগ হচ্ছে কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, ‘সৈকত দিয়ে এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়েছিলাম। এটা আমাদের কোনো বাইক শোডাউন না। এখানে বেশি বাইক ছিল না, ৪-৫টি বাইক মাত্র।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. অনিক চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবেশ সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছি, যাতে এসব বন্ধ করা যায়। অভিযান কার্যক্রম চলমান থাকবে।’
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘সেন্টমার্টিনের সৈকতে যেকোনো ধরনের যান্ত্রিক যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ। সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে পরিবেশদূষণের দায়ে সেন্ট ক্যাসেল রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করে প্রশাসন। একই অভিযানে সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রশাসনের অভিযান ও নিষেধাজ্ঞা জারির পরও সৈকতে মোটরসাইকেল চলাচলের এমন অভিযোগ দ্বীপের পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্টদের মতে, সেন্টমার্টিনের ভঙ্গুর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে সবার ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
এমকে/বিএম২৪








