সারাদেশে নাশকতা ও সহিংসতার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম
সারাদেশে নাশকতা ও সহিংসতার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

ছবি: বিডি মেইল

যবিপ্রবি প্রতিনিধি


সারাদেশে সাম্প্রতিক নাশকতা, সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।


শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার আহ্বানে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ জানান। পাশাপাশি উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত সচেতনতা, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।


কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত ছিলেন। তাঁরা এ শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।


মৌন মিছিল শেষে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর দেশে বিরাজমান অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পরিস্থিতি নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


এমকে/বিএম২৪