শেখ হাসিনার ফেরার গুঞ্জন, ডিহি সীমান্তে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত
শার্শা (যশোর) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার ডিহি সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিজিবির পাশাপাশি মশাল হাতে রাতভর সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন তাঁরা।
এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও ডিহি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল হোসেন বলেন, শেখ হাসিনা ও তাঁর পলাতক নেতাকর্মীরা দেশে ফিরে যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন।
তিনি আরও বলেন, ডিহি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সঙ্গে সমন্বয় করে মশাল হাতে সীমান্ত এলাকায় রাতভর পাহারা অব্যাহত রেখেছেন তাঁরা।








