শিক্ষক সংকটে নাসিরনগর সরকারি বালিকা বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
সংগৃহীত
জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি চরম শিক্ষক সংকটে ভুগছে। প্রয়োজনীয় শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। দিনের পর দিন শ্রেণিকক্ষে বসেও শিক্ষক না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। এতে শিক্ষার মান কমার পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাও ক্রমেই হ্রাস পাচ্ছে।
উপজেলা সদরে অবস্থিত নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৭ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। প্রতিষ্ঠাকালে বিদ্যালয়ে শিক্ষক ছিলেন আটজন। দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও শিক্ষকের অনুমোদিত পদ বাড়ানোর কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১২ সালের পরিপত্র অনুযায়ী প্রধান শিক্ষকসহ মোট ২৭টি শিক্ষকের পদ রয়েছে। কিন্তু এসব পদের বিপরীতে বর্তমানে কর্মরত শিক্ষক মাত্র পাঁচজন। তাঁদের একজন আবার বিএড প্রশিক্ষণে রয়েছেন। ফলে কার্যত চারজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান।
বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ২১৬ জন। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ৫৩, সপ্তম শ্রেণিতে ৬১, অষ্টম শ্রেণিতে ৩৪, নবম শ্রেণিতে ৩৫ এবং দশম শ্রেণিতে ৩৩ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয়টিতে তিনটি বহুতল ভবন ও ১৯টি শ্রেণিকক্ষ রয়েছে। এর মধ্যে পূর্ব পাশে ছয়তলা ভবনে ২২টি, দক্ষিণ পাশে তিনতলা ভবনে ৯টি এবং উত্তর পাশে দোতলা ভবনে পাঁচটি কক্ষ রয়েছে। পর্যাপ্ত অবকাঠামো থাকলেও শিক্ষক সংকটে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক সংকটের চিত্র দেখা যায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজেই অষ্টম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন। অন্যদিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা টানা দুই ঘণ্টা শ্রেণিকক্ষে বসে থাকলেও কোনো শিক্ষক ক্লাস নিতে আসেননি। শুধু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসে হাজিরা নিয়ে চলে যান।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী মমতা আক্তার জানায়, প্রথম ক্লাস ছিল বাংলা। কিন্তু কোনো শিক্ষক আসেননি। শুধু প্রধান শিক্ষক হাজিরা নিয়েছেন। দ্বিতীয় ক্লাস ছিল গণিতের। মোহাম্মদ ইয়ার খানের ক্লাস নেওয়ার কথা থাকলেও তিনি আসেননি।
দশম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী আক্তার বলে, বিদ্যালয়ে শিক্ষকের চরম সংকট। এতে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। ইংরেজি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্থায়ী শিক্ষক না থাকায় খণ্ডকালীন শিক্ষকদের ওপর নির্ভর করতে হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে কর্মরত শিক্ষকেরা হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তাহের আলী, বাংলা বিষয়ের শিক্ষক আতিকুর রহমান, কৃষিশিক্ষা বিষয়ের শিক্ষক মো. আলমগীর মিয়া, গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ ইয়ার খান এবং ভূগোল বিষয়ের শিক্ষক মোহাম্মদ ফিরোজ আলম মামুন। ভূগোলের শিক্ষক বিএড প্রশিক্ষণে থাকায় বর্তমানে তিনি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে পারছেন না। আগামী ডিসেম্বরে তাঁর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে ইংরেজি ও বিজ্ঞানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্থায়ী শিক্ষক নেই। এ সংকট সামাল দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে চারজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে। তাঁরা হলেন জীববিজ্ঞানের জেসিয়া আক্তার, অর্থনীতির হানিয়া ফেরদৌস, বাংলার পলাশ কর্মকার এবং ইংরেজির খায়রুল ইসলাম।
খণ্ডকালীন শিক্ষকদের পাশাপাশি নিরাপত্তা প্রহরীর বেতনও বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়। শিক্ষার্থীদের কাছ থেকে অত্যাবশ্যকীয় ফি হিসেবে ৪০ টাকা করে আদায় এবং বিদ্যালয়ের অন্যান্য খাতের অর্থ দিয়ে এসব ব্যয় মেটানো হচ্ছে।
শিক্ষক সংকটের প্রভাব পড়েছে শিক্ষার্থীর সংখ্যায়ও। উপজেলা সদরের নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ১ হাজার ৮০০ জন। অন্যদিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২১৬ জনে। শিক্ষক না থাকায় অভিভাবকেরা তাঁদের মেয়েদের এ বিদ্যালয়ে ভর্তি করাতে আগ্রহ হারাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।
ফলাফলেও দেখা যাচ্ছে এর নেতিবাচক প্রভাব। ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৫ বছরে বিদ্যালয়টি থেকে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০২২ সালে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছিল। এর বাইরে অন্য কোনো শিক্ষার্থী এ কৃতিত্ব অর্জন করতে পারেনি বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তাহের আলী বলেন, তিনি প্রায় এক বছর আগে বিদ্যালয়ে যোগদান করেছেন। যোগদানের পর থেকেই চরম শিক্ষক সংকট দেখছেন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি ফলাফলও খারাপ হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, যেখানে শিক্ষক কম, সেখানে শিক্ষার্থীরা ভর্তি হতে চাইছে না। পরিস্থিতির উন্নয়নে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত শিক্ষক সংকটের সমাধান না হলে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা আরও সংকটে পড়বে। তাঁরা অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে স্বাভাবিক পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তাঁদের প্রশ্ন, একটি সরকারি বিদ্যালয়ে ইংরেজি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্থায়ী শিক্ষক থাকবেন না কেন? কেনই বা খণ্ডকালীন শিক্ষকের ওপর নির্ভর করে চলতে হবে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটিকে? এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এমকে/বিএম২৪








