৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদাকে হত্যার অভিযোগ, ফাঁসির দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
সাইদুল ইসলাম আলভী, (মাল্টিমিডিয়া রিপোর্টার) চট্টগ্রাম
টাঙ্গাইলে মাত্র ৩ হাজার টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে তিন বছর বয়সী শিশু আবিদাকে হত্যার অভিযোগ উঠেছে সাবিনা ও তাঁর স্বামী আলীমের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত আবিদা টাঙ্গাইল সদর উপজেলার ৩ নম্বর ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়ার গ্রামের বাসিন্দা আমিনের মেয়ে।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, গত ২৬ নভেম্বর সাবিনা ও তাঁর স্বামী আলীম তিন বছর বয়সী শিশু আবিদাকে হত্যা করে বাড়ির পেছনে ফেলে রেখে যান। তাঁদের দাবি, মাত্র ৩ হাজার টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি ছোট শিশুর সঙ্গে এমন নিষ্ঠুর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আবিদা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে।
এ সময় তাঁরা প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। বক্তারা বলেন, ভবিষ্যতে যেন এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।








