পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে বাসের ধাক্কায় তরুণীর মৃত্যু, চালক উধাও

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে বাসের ধাক্কায় তরুণীর মৃত্যু, চালক উধাও

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


মধ্যরাতে পদ্মা সেতুতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের ধাক্কায় ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তাঁকে ফেলে মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। এখনো নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


শনিবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলের পেছনে বসে জাজিরা প্রান্ত থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন ওই তরুণী। মাওয়া প্রান্তে ৯ নম্বর পিলারের কাছে পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সেতুর মাঝখানের বিভাজকে গিয়ে আঘাত পান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক আহত তরুণীকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন রোববার বেলা ১১টার দিকে বলেন, নিহত তরুণীর পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতা নেওয়া হবে। তাঁর মরদেহ পদ্মা সেতু উত্তর থানা পুলিশের হেফাজতে রয়েছে।


এমকে/বিএম২৪