পদ্মা সেতু অবরোধ করে আ. লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, শতাধিক ককটেল বিস্ফোরণ
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় নাওডোবা গোলচত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে নাওডোবার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠেন বিক্ষোভকারীরা। পরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে সেতু ব্যবহারকারী যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।
পরে সকাল পৌনে ৮টার দিকে বিক্ষোভকারীরা সরে গেলে এক্সপ্রেসওয়ের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কোনো ধরনের প্রাণহানি যেন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমকে/বিএম২৪








