বেনাপোলে বিএনপির গণমিছিল-সমাবেশ, ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত
আতিকুজ্জামান, শার্শা (যশোর) প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় সমাবেশ ও গণমিছিল করেছে বিএনপি। সমাবেশ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোলের ৪ নম্বর ইউনিয়নের গাতীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ নম্বর বেনাপোল ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন খোকন বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে কেউ যেন দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি রাজপথে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, শার্শা ও বেনাপোলের বিএনপি নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ। দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকতে হবে। জনগণের স্বার্থে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, শার্শার মাটি বিএনপির ঘাঁটি। এ অঞ্চলের নেতাকর্মীরা সব সময় অন্যায়, সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মুস্তাফিজ জোহা সেলিম, সদস্যসচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও মীর আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে যোগ দিতে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আসেন। এতে গাতীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।
সমাবেশ শেষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে গণমিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।








