কুড়িগ্রামে ২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে আধুনিক শিশুপার্ক উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু
সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
শিশুদের সুস্থ বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করা হয়েছে। প্রায় ২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে সংস্কার ও আধুনিকায়ন করা পার্কটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
শনিবার (২৮ নভেম্বর) রাতে জেলা পরিষদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করা হয়।
জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ আমন্ত্রিত অতিথিরা।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৭৩ শতক জমির ওপর পার্কটি আধুনিকায়ন ও সংস্কার করা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য এখানে স্থাপন করা হয়েছে সুইং চেয়ার, মিনি ইলেকট্রিক ট্রেন, অ্যাডভেঞ্চার কার, মেরি-গো-রাউন্ড, জেড কোস্টার, ওয়ান্ডার হুইল, বাউন্সিং রাইডসহ বিভিন্ন আকর্ষণীয় বিনোদন উপকরণ।
দীর্ঘদিন পর আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শিশুপার্ক চালু হওয়ায় কুড়িগ্রামের শিশু-কিশোরদের বিনোদনের নতুন সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে অবসর সময় কাটানোর জন্যও একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
এমকে/বিএম২৪








