পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ
সংগৃহীত
জেলা প্রতিনিধি
শরীয়তপুরের পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি বিএনপির সমাবেশস্থলে থাকা প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে অগ্নিসংযোগ করা হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। এ সময় সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের মুখে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় সেখানে থাকা প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।
অবরোধ চলাকালে একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে কয়েক হাজার মানুষকে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা গেছে।
এদিকে, পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।
অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে—এমন তথ্য পেয়ে পুলিশ সারারাত দায়িত্ব পালন করেছে। পর্যাপ্ত পুলিশ সদস্যও মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রাণহানি ছাড়াই তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে পুলিশ।
তিনি আরও বলেন, পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।
এমকে/বিএম২৪









