কালাইয়ে উপ-স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে গর্ভবতী মায়েরা
সূত্রঃ সংগৃহীত
শ্রী মোহন চন্দ্র, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় ওষুধের সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে গর্ভবতী মায়েদের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও আয়রন ট্যাবলেট না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, পেটের সমস্যা, মাথাব্যথা, কাশি ও অন্যান্য সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসার জন্য উপ-স্বাস্থ্যকেন্দ্রে এসে অনেক সময় প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। ফলে দরিদ্র ও অসহায় রোগীদের বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে।
স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, প্রতিদিন পুনট ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন গ্রামের শত শত মানুষ চিকিৎসাসেবা নিতে এখানে আসেন। বর্তমানে জ্বর, সর্দি ও অ্যালার্জির কিছু ট্যাবলেট ছাড়া উল্লেখযোগ্য কোনো ওষুধ সরবরাহ করা হচ্ছে না বলে জানা গেছে। এতে চিকিৎসকের পরামর্শ পেলেও অনেক রোগী প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারছেন না।
বিশেষ করে গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ভিটামিন ও আয়রন ট্যাবলেট না থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা না হলে এলাকার নিম্নআয়ের মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে আরও বেশি বঞ্চিত হবেন বলে মনে করছেন সচেতন মহল।
এ অবস্থায় পুনট উপ-স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ভিটামিন ও আয়রনসহ সাধারণ রোগের ওষুধ দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এমকে/বিএম২৪








