দাগনভূঞায় মহিলা মাদ্রাসার মোহতামিমের ওপর হামলার অভিযোগ
সূত্রঃ সংগৃহীত
সাইফ উদ্দিন নিশাত, ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় সীমানা বিরোধকে কেন্দ্র করে ওমরাবাদ আঞ্জেবের নেছা মহিলা মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা ফজলুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ৩ নম্বর পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মাওলানা ফজলুল হক জানান, মাদ্রাসার সীমানা নিয়ে বিরোধের জেরে একই এলাকার মুন্সি বাড়ির খিজির আহম্মদের ছেলে নাসির উদ্দীনের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
তবে অভিযুক্ত নাসির উদ্দীনের পরিবারের দাবি, মাদ্রাসার সীমানা চূড়ান্তভাবে নির্ধারণ না করেই জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করা হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪








