শেখ হাসিনা ফিরবেন, অপেক্ষায় মৃত্যুদণ্ড: ডা. জাহেদ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া হবে এবং তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি তৈরি হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে। সরকার তাকে ফিরিয়ে আনতে চায়। তিনি পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, তার আর আপিলের সুযোগ নেই। ফলে শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য মৃত্যুদণ্ডই অপেক্ষা করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরের সঙ্গে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি শর্ত হিসেবে যুক্ত হয়েছে। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
সম্প্রতি ভারতের কয়েকটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত শেখ হাসিনা যেন এ ধরনের সাক্ষাৎকার দিতে না পারেন—এমনটাই প্রত্যাশা ছিল। ভারতের পক্ষ থেকে বিষয়টি যথাযথভাবে দেখা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে ফেরানোর দাবি জোরালো উল্লেখ করে ডা. জাহেদ বলেন, তিনি নিজে দেশে ফিরুন কিংবা বাংলাদেশ তাকে ফিরিয়ে আনুক—এ বিষয়ে কোনো কৌশলের সুযোগ নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে পর্যায়ে নেমেছিল, তা উন্নত করতে অন্তত শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া যেত।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে বিষয়টি তুলে ধরারও পরামর্শ দেন তিনি। তার ভাষ্য, শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের মানুষের সংবেদনশীলতা রয়েছে। দেশে বিভিন্ন ব্যক্তি হামলার শিকার হওয়ার সময় শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়া মানুষের মধ্যে বিরক্তি ও ক্ষোভ তৈরি করছে, বিষয়টি ভারতের বোঝা উচিত।
এমকে/বিএম২৪







