চবিতে মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
চবিতে মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

সূত্রঃ সংগৃহীত

চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দারুল এরফান রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে স্মারক বক্তৃতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবির উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন এবং উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম।


উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, ইসলামী সংগীত, সামা ও ইনশাদ শুধু বিনোদনের বিষয় নয়; এর সঙ্গে মানুষের মনন, চিন্তা, জ্ঞান ও আধ্যাত্মিক অনুভূতির সুন্দর সমন্বয় রয়েছে। শ্রুতিমধুর পরিবেশনার মাধ্যমে জ্ঞান, ইতিহাস, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ মানুষের হৃদয়ে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব।


তিনি আরও বলেন, মাইজভাণ্ডারী শরীফের আধ্যাত্মিক চর্চায় সংগীতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে গবেষণারও যথেষ্ট সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এ বিষয়ে গবেষণার উদ্যোগ নেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।


উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম বলেন, মাইজভাণ্ডারী কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায়, তারা ইতিবাচক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে। শিক্ষা বিস্তারে স্কুল-কলেজে সহযোগিতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসাসেবায় সহযোগিতার মতো কার্যক্রম মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও গবেষণার আয়োজন এবং গবেষণায় সহায়তার মাধ্যমেও মাইজভাণ্ডারী প্রতিষ্ঠানগুলো জ্ঞানচর্চা ও মানবকল্যাণে অবদান রাখছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোরশেদুল আলম। সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদার।


স্বাগত বক্তব্য দেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক এ এস এম বোরহান উদ্দীন।


স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন বাহরাইনের সুপ্রিম কোর্ট অব ক্যাসেশনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখি এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়া ফ্যাকাল্টির সাবেক ডিন ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ।


এমকে/বিএম২৪