ইবতেদায়িসহ সব মাদরাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
ইবতেদায়ি মাদরাসাসহ দেশের সব মাদরাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। ২০২৬-৩১ অর্থবছরের মধ্যে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ‘মাদরাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে।
তিনি জানান, এ কর্মসূচির আওতায় ২০২৬-৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদরাসায় মিড-ডে মিল চালু করা হবে। এর মধ্যে ইবতেদায়ি মাদরাসাও অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে সংসদ সদস্য তাঁর প্রশ্নে জানতে চান, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল সুবিধা চালু করলেও মাদরাসার শিক্ষার্থীরা, বিশেষ করে অবহেলিত এতিমখানার শিক্ষার্থীরা কেন এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছিলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় ধরে রাখতে পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। আগামী বছরের মধ্যে দেশের সব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
খাবারের মান ও বিতরণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মাঠপর্যায়ে স্থানীয় মা-বোনদের সম্পৃক্ত করে কমিটি গঠনের মাধ্যমে খাবার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমকে/বিএম২৪







