বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ইতালির ভেনিসে চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনাকে অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে একটি নোটিশের ওপর আলোচনার ফাঁকে তিনি এ মন্তব্য করেন। ডেপুটি স্পিকার বলেন, বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নির্মমতার চরম বহিঃপ্রকাশ। একই সঙ্গে তিনি এ ঘটনার নিন্দা জানান।


এদিন সংসদে বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদও জানানো হয়।


একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সপরিবারে ইতালিতে গিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে একটি পার্কে ঘোরাঘুরির সময় এক প্রবাসী তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। বাঁধনের দাবি, হামলাকারীরা তাকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তার শরীরে ডিম, পানি ও কোমল পানীয় নিক্ষেপ করেন। একপর্যায়ে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও জানান অভিনেত্রী।


ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত তুলে ধরেন বাঁধন। তার অভিযোগ, হামলাকারী নিজেকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন।


২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আজমেরী হক বাঁধন। সেই সময়কার রাজনৈতিক অবস্থানের জের ধরেই ভেনিসে তার ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ঘটনার ভিডিও ও বাঁধনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সহশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এমকে/বিএম২৪