জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শপথের আগে বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। সংবাদ সম্মেলনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী অধিবেশনের কার্যক্রম পরিচালনা এবং তার অগ্রাধিকার নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।
শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
এমকে/বিএম২৪







