রদ্রিকে নিয়ে রিয়াল-বার্সা দ্বৈরথ, সমান অর্থ দিতে প্রস্তুত কাতালানরা
সূত্রঃ ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে জোরালোভাবে মাঠে নেমেছে বার্সেলোনা। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো ও ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, কাতালান ক্লাবটি ইতোমধ্যে ম্যানচেস্টার সিটি এবং খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে।
কয়েক সপ্তাহ ধরেই রদ্রিকে নিয়ে আগ্রহ দেখিয়ে আসছে রিয়াল মাদ্রিদ। তবে এখনো দুই ক্লাবের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সেই সুযোগে বার্সেলোনা এই লড়াইয়ে যোগ দিয়েছে।
ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—দুই ক্লাবই প্রায় একই অঙ্কের ট্রান্সফার ফি দিতে প্রস্তুত। ফলে রদ্রির ভবিষ্যৎ নির্ধারণে শেষ সিদ্ধান্ত নেবেন খেলোয়াড় নিজেই।
শুরুতে রদ্রির জন্য ৭৫ মিলিয়ন ইউরো দাবি করেছিল ম্যানচেস্টার সিটি, যেখানে রিয়াল মাদ্রিদের প্রস্তাব ছিল প্রায় ৫০ মিলিয়ন ইউরো। তবে সর্বশেষ খবর অনুযায়ী, ইংলিশ ক্লাবটি তাদের চাহিদা কমিয়ে ৬৫ মিলিয়ন ইউরোতে এনেছে, যা বার্সেলোনার জন্যও বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে।
ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ইনজুরির কারণে মিডফিল্ড শক্তিশালী করাকে অগ্রাধিকার দিয়েছে বার্সেলোনা। এ কারণেই ক্লাবটি রদ্রিকে দলে টানতে সরাসরি উদ্যোগ নিয়েছে। এছাড়া স্পেন জাতীয় দলের কয়েকজন সতীর্থও তাকে বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়ে উৎসাহিত করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যদিও দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদকে এই দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল, বার্সেলোনার সক্রিয় আগ্রহ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন রদ্রি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে ফিরবেন, নাকি বার্সেলোনার নতুন প্রকল্পে যুক্ত হবেন—সেই সিদ্ধান্তের অপেক্ষায় ফুটবল বিশ্ব।









