শেখ হাসিনার ফেরার সুযোগ নেই, দাবি পানিসম্পদ মন্ত্রীর
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান বাস্তবতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, দেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
পানিসম্পদমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কিছু কর্মসূচি দেখে দেশে তাদের পক্ষে পরিবেশ তৈরি হয়েছে বলে মনে হতে পারে। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন। তার ভাষায়, “ফেসবুকের সঙ্গে মাঠের বাস্তবতার কোনো মিল নেই। বিচ্ছিন্ন কিছু কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন শেখ হাসিনার ফেরার পথ তৈরি হয়েছে, সেটি সম্পূর্ণ ভুল ধারণা।”
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের ভেতরে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন প্রচারণা চালানো হলেও জনগণের মধ্যে তার কোনো গ্রহণযোগ্যতা নেই।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, গত ১৭ বছরে তিনি বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। তরুণদের সাহস জোগানোর দায়িত্ববোধ থেকেই তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তার মতে, দীর্ঘ সময়ের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হলে তার সুযোগ নিয়ে পতিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সনদটি বাস্তবায়ন হবে, তবে প্রয়োজন অনুযায়ী সংযোজন-বিয়োজন করা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, চাকরির ক্ষেত্রে ফ্যাসিবাদের সহযোগীদের বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি বৈষম্য করা হচ্ছে না।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য দেখা যাচ্ছে, তা প্রশংসনীয়। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন শিগগিরই করা হবে এবং এ উপলক্ষে প্রধানমন্ত্রীও বিশ্ববিদ্যালয় সফর করবেন।
তরুণদের উদ্দেশে বক্তব্যে এ্যানি বলেন, রাজনীতি আবেগ দিয়ে নয়, আদর্শ, নৈতিকতা ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে করা উচিত। তিনি নতুন প্রজন্মকে দায়িত্বশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








