নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে টানা বিক্ষোভ, চাপে রাজ্য সরকার
সূত্রঃ ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে টানা ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনটি ইতোমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে এবং এতে সমর্থন জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত আন্দোলনকারী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। গত ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন শুরু হয়।
আন্দোলনকারীরা স্বচ্ছ তদন্ত, জবাবদিহি এবং নিয়োগ প্রক্রিয়ার সংস্কারের দাবি জানিয়ে দিন-রাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের মুখে শেষ পর্যন্ত রাজ্য সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে।
বুধবার রাঁচির মহকুমা কর্মকর্তা (এসডিও) কুমার রজত বিক্ষোভস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আলোচনার জন্য পাঁচ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল গঠনের প্রস্তাব দেন। একই সঙ্গে হেমন্ত সোরেন সরকার মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে বলে জানানো হয়েছে।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, সরকারের সঙ্গে যেকোনো আলোচনা গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতে প্রকাশ্যভাবে অনুষ্ঠিত হতে হবে।
আন্দোলনকারীরা এ ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) দিয়ে তদন্তের দাবি তুললেও রাজ্য সরকার জানিয়েছে, বিষয়টি ইতোমধ্যে সিআইডি তদন্ত করছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের হিসাবরক্ষক রক্ষক সিংকে উত্তর প্রদেশের লখনউ থেকে গ্রেপ্তার করে রাঁচিতে আনে সিআইডি। এছাড়া মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) কাজ করছে। তারা ইতোমধ্যে ডিজিটাল রেকর্ড, আবেদনপত্র এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেছে।
এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে তাদের সংগঠন একটি ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ হিসেবে কাজ করবে। তিনি জানান, সিজেপির সদস্যরা আন্দোলনকারীদের সমর্থন জানাতে ঝাড়খণ্ড সফর করবেন।
অভিজিৎ দীপকের ভাষ্য, বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতেই জনগণের চাপ সৃষ্টিকারী উদ্যোগ প্রয়োজন।








