হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের পর দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অসম্মান করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার একটি দেশ শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে, যা জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বিভিন্ন মামলার আসামি। তাকে দেশে ফিরিয়ে আনতে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো ভারত কোনো ইতিবাচক সাড়া দেয়নি বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও একজন পলাতক আসামিকে ফেরত না দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্ব ও পারস্পরিক আস্থার সঙ্গে সাংঘর্ষিক।
রিজভীর দাবি, শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যের বিষয়টি বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অবহিত করলেও তা গুরুত্ব পায়নি। তার মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের পদক্ষেপ এক ধরনের হস্তক্ষেপ।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বহু শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে তিনি শহীদদের প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় রিজভী আরও বলেন, বাংলাদেশ যখনই আত্মনির্ভরশীল হওয়ার উদ্যোগ নেয়, তখনই দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র সক্রিয় হয়ে ওঠে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের বিভিন্ন উদ্যোগের উদাহরণ টেনে তিনি দাবি করেন, বর্তমান সময়েও একই ধরনের ষড়যন্ত্র চলছে বলে বিএনপি মনে করে।








