সাকিবকে ইঙ্গিত? আসিফ আকবরের পোস্ট ঘিরে তুমুল আলোচনা
সূত্রঃ ফাইল ছবি
বিনোদন ডেস্ক
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে অনেকেই মনে করছেন, তার মন্তব্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ইঙ্গিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ আকবর লেখেন, “দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।”
স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকের ধারণা, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশগ্রহণের বিষয়টিকেই ইঙ্গিত করেছেন আসিফ আকবর। তবে তিনি পোস্টে সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।
সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন আসিফ আকবর। তার সর্বশেষ এই পোস্টও নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ এটিকে তার ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন, আবার কেউ ভিন্নমতও প্রকাশ করছেন।
এদিকে সাকিব আল হাসানকে ঘিরে সম্প্রতি আরেকটি ঘটনাও আলোচনায় এসেছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির মূল ফটকে আগুন দেওয়ার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ঘটনাস্থলে অগ্নিসংযোগের চেষ্টার প্রাথমিক আলামত পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তবে আসিফ আকবরের ফেসবুক পোস্ট এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে এখন পর্যন্ত সাকিব আল হাসান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।









